দুর্নীতিকে পুরোপুরি ‘জিরো টলারেন্সে’ নিতে না পারলেও তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে অতীতে যে দুর্নীতি ছিল, বর্তমান তারেক রহমানের সরকারের আমলে তার কোনো সুযোগ নেই। বিগত ১৭ বছরের দুর্নীতি, চুরি ও অপকর্মের প্রভাব প্রশাসন থেকে মাত্র পাঁচ মাসে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয়। তবে এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া হলে তারা সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আগামীতে বন্যা ও নদীভাঙনে যাতে ঘরবাড়ি, স্কুল-কলেজ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এ দিন বিকেলে উড়িয়া ইউনিয়নে যাওয়ার আগে প্রতিমন্ত্রী জেলার নদীভাঙনপ্রবণ প্রায় ১০টি এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এর মধ্যে ছিল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও এরেন্ডাবাড়ী এবং সুন্দরগঞ্জের কাপাশিয়া অঞ্চল।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসডব্লিউএন