বাংলাদেশ, জেলার সংবাদ

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেখাপড়া শিখে দেশের সেবা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের অনেকেই উচ্চশিক্ষিত হলেও সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষ সততা ও নৈতিকতার উদাহরণ।

শনিবার (৩০ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপা বিসিএস ক্যাডার ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।


আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগমপাড়া করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছেন, তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত। তারা লেখাপড়া শিখেছেন, কিন্তু দুর্নীতির পথ বেছে নিয়েছেন। অথচ আমার দেশের গরিব কৃষক ও শ্রমজীবী মানুষ চুরি করতে জানেন না।


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মধ্য থেকে যারা ভবিষ্যতে বিসিএস কর্মকর্তা, ডাক্তার কিংবা প্রকৌশলী হবেন, তারা দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


তিনি আরও বলেন, শৈলকুপায় যদি কোনো দুর্নীতিবাজকে দেখেন, এমনকি আমার বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে আমাকে সঠিক পথে আনার জন্য সোচ্চার হবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস থাকতে হবে।


মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জীবন পরিচালনার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মানুষের জীবনের প্রতি মোহ থাকা ভালো, তবে তা হতে হবে সুস্থভাবে ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার জন্য।


শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারের যুগ্মসচিব গিয়াস উদ্দিন এবং পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খানসহ অন্যান্য অতিথি।


অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন