রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তির বিষয়টি বর্তমানে বেশ অনিশ্চয়তার মুখে পড়েছে। এক বছর আগে চুক্তির বিষয়টি কেবল সময়ের ব্যাপার মনে হলেও, খেলোয়াড়ের উচ্চ আর্থিক দাবির কারণে পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। চুক্তির শেষ বছরে এসে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা তো হয়নি, বরং দূরত্ব আরও বেড়েছে।
গোল ডটকমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ভিনিসিয়ুসের পক্ষ থেকে চাওয়া ১ কোটি ৫০ লাখ ইউরো (১৫ মিলিয়ন ইউরো) সাইনিং বোনাস দিতে রিয়াল মাদ্রিদ মোটেও রাজি নয়। ২০১৮ সালে প্রায় ৬ কোটি ইউরোর বেশি ফিতে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়ুস বহুবার প্রকাশ্যে ক্লাবটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের দাবি থেকে সরে না এলে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারেন।
চুক্তি নবায়ন আলোচনা কার্যত অচল অবস্থায় পৌঁছানোয় ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর সম্ভাবনা বিবেচনা করছে ইংলিশ ক্লাব আর্সেনাল। শনিবার দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদও ট্রান্সফার বাজারে তাদের নতুন পরিকল্পনা নিয়ে বেশ জোরালোভাবে এগোচ্ছে। স্প্যানিশ জায়ান্টরা প্রায় ১২ কোটি ইউরো (১২০ মিলিয়ন ইউরো) ব্যয়ে আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেই তার নির্বাচনী প্রচারণায় এই পরিমাণ বিনিয়োগের কথা উল্লেখ করেছিলেন।
রিয়াল মাদ্রিদ বর্তমানে একসঙ্গে একাধিক ট্রান্সফার নিয়ে কাজ করছে এবং তারা দ্রুত দিয়োমান্দে ও রদ্রিকে দলে টানতে চায়। দিয়োমান্দে মূলত ডান প্রান্তের উইঙ্গার হিসেবে খেললেও দুই উইংয়েই তিনি সমানভাবে দক্ষ। অন্যদিকে রদ্রিকে এমন একজন মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যিনি একাই দলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোচ হোসে মরিনহোর ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী দিয়োমান্দের চুক্তিটিই সবার আগে সম্পন্ন হতে পারে। বিশ্বকাপে আইভোরিয়ান এই ফুটবলারের পারফরম্যান্স মরিনহোর কোচিং স্টাফরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।
ডিবিসি/এফএইচআর