সরকারের নির্বাচনী ইশতেহার ও ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ জুন) দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের প্রায় ত্রিশ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর পাঁচ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর এই কর্মসূচির আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে বিশেষ কারণে আজ দুপুর ২টায় এই কর্মসূচি শুরু হচ্ছে। মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী একযোগে দেশের মোট ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এটি একটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক আয়োজন হতে যাচ্ছে, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিত ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে উদযাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন টাঙানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণে অংশ নেবেন।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি এদিন একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের স্টল পরিদর্শন করবেন এবং সেরা তরুণ উদ্ভাবকদের পুরস্কৃত করবেন। অনুষ্ঠানটি সফল করতে গতকাল রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন সম্মেলন কেন্দ্রের মূল ভেন্যু ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
ডিবিসি/পিআরএএন