আন্তর্জাতিক, পাকিস্তান

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান নৌবাহিনী সফলভাবে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর পরীক্ষা সম্পন্ন করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ‘তৈমুর’-এর সফল পরীক্ষা চালিয়েছে। এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম এবং নৌবাহিনীর যুদ্ধের প্রস্তুতি ও সামরিক শক্তির এক শক্তিশালী বহিঃপ্রকাশ।


সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর সমুদ্রভিত্তিক যেকোনো শত্রুর হুমকি দূরপাল্লা থেকে মোকাবেলা করার সক্ষমতা যাচাই করা হলো। এই পরীক্ষাকে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি যুগান্তকারী উন্নতি হিসেবে অভিহিত করেছে আইএসপিআর।


বিবৃতিতে আরও বলা হয়, এই সফল পরীক্ষা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বহুমুখী এবং সমন্বিত আক্রমণাত্মক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। পাকিস্তান নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ এবং জলসীমা রক্ষায় সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ।


এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং সার্ভিস চিফরা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই সফলতাকে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, পাকিস্তান নৌবাহিনী দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।


উল্লেখ্য যে, চলতি মাসের ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার একটি দেশীয় জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এছাড়া গত জানুয়ারি মাসে উত্তর আরব সাগরে একটি ব্যাপক সামরিক মহড়ার অংশ হিসেবে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল নৌবাহিনী।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন