দেশের ক্রিকেটাঙ্গনে চলমান নানা অস্থিরতা ও বিতর্কের মাঝেই আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বৈঠকে বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। দুপুর ১টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। সপ্তাহখানেকের ছুটিতে পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখান থেকেই অনলাইনে এই সভায় যুক্ত হবেন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের বোর্ড সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে আসন্ন নারী বিপিএল আয়োজনের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় দলের জন্য নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট পাড়ায় নানা ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থেকে দুজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর পাশাপাশি বোর্ড পরিচালকদের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মন্তব্য এবং বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপের অভিযোগ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও নানা গুঞ্জন তৈরি হয়েছে। মূলত এসব অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিরতার মাঝেই পরিচালকদের নিয়ে এই সভা ডাকা হয়েছে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় বর্তমান ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়েও একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইতোমধ্যে বিসিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। বোর্ডের সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া ক্রিকেট বর্জন করা ক্লাবগুলোও এখন সংকট সমাধানে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে নানামুখী চাপের মুখে আজকের বোর্ড সভাটি দেশের ক্রিকেটের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন