বাংলাদেশ, জাতীয়

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই: ইসি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির সুযোগ থাকবে না। তিনি জানান, বর্তমানে নির্বাচনের জন্য অত্যন্ত সহায়ক পরিবেশ বিরাজ করছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ জানান, নির্বাচন সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ।

 

তিনি বলেন, জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ প্রশাসন মানসিক ও প্রশাসনিকভাবে তৈরি। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক উন্নত।


নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে বড় দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। প্রচারণার পোস্টার অপসারণ এবং নির্ধারিত সফর বাতিলের মাধ্যমে তারা কমিশনকে সহায়তা করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যকার বাকযুদ্ধকে তিনি ‘ভোটযুদ্ধের কৌশল’ হিসেবে অভিহিত করেন।


চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো সহিংসতা ও হত্যার কঠোর সমালোচনা করেন আব্দুর রহমানেল মাছউদ। সম্প্রতি শরীফ ওসমান হাদী হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।


জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এই সভায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন