যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। এরইমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে।
শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জোবাইদা রহমান। তারপর সিদ্ধান্ত নেয়া হবে ঠিক কখন খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেয় বলে জানান তিনি।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।
গত ২৩শে নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
ডিবিসি/এমএআর