দেশের রপ্তানি বৃদ্ধিতে প্রতিবেশী রাষ্ট্র ভারত কার্যকর ও সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাট, বস্ত্র, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ফিরিয়ে আনতে রপ্তানি বাড়ানো জরুরি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিলেট সার্কিট হাউসে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ অর্থনীতি এবং তাদের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টর অত্যন্ত বিস্তৃত। অর্থনৈতিক আকার ও সক্ষমতার দিক থেকে দুই দেশের তুলনা করলে ভারতের প্রাধান্য থাকাটাই স্বাভাবিক এবং বাণিজ্যিক সম্পর্কেও তার প্রতিফলন দেখা যায়। তবুও আমরা আশা করি, বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারত আমাদের রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, বাণিজ্যিক সুবিধা, তথ্য বিনিময় এবং বাজারে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারিত হলে বাংলাদেশের রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমে আসবে।
ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কথা উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভারত বর্তমানে একটি বড় বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে এবং গুগলসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান সেখানে বড় পরিসরে কাজ করছে।
মন্ত্রী বলেন, আমরা চাই বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতাও জোরদার হোক। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ভারত পাশে দাঁড়ালে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
ডিবিসি/এসএফএল