রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় জড়িত কোনো অপরাধীই ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলায় বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। এছাড়া চিকিৎসা সেবা আরও উন্নত করতে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় পাঁচটি নতুন শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালগুলোর প্রতিটিতে একটি করে আধুনিক আইসিইউ সুবিধা থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নারীদের জন্য ১০০০ শয্যা বিশিষ্ট পাঁচটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।
চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করে পরবর্তীতে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গুর ভ্যারিয়েন্টের ওপর সার্বক্ষণিক নজর রেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে হাম ও ডেঙ্গু-এই দুটি রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে প্রতিটি বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সেবা সাধারণ মানুষের জন্য সহজ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
ডিবিসি/এসএফএল