ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে প্রবল বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নৌ দুর্ঘটনা এড়াতে এই জেলাগুলোর নদীবন্দরসমূহকে ২ নম্বর সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, দেশের বাকি অঞ্চলগুলোর ওপর দিয়েও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ডিবিসি/এএমটি