ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রী পরস্পর হাত মেলান।
দীর্ঘ ২০ বছর পর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করল বিএনপি। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দলটি রাষ্ট্রক্ষমতায় ছিল। এবারের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ দেখা গেছে। মন্ত্রীদের মধ্যে ১৭ জন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে ২৪ জনই সম্পূর্ণ নতুন। এমনকি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই অনেকে মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ সেখানে সমবেত হন। আজ দুপুর আড়াইটা থেকেই মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এক নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভেদ ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, যা জনমনে নতুন আশাবাদের সঞ্চার করেছে।
ডিবিসি/আরএসএল