দেশের ১২টি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে এই ঝড় হতে পারে।
এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়েও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, চলতি সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, এই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হতে পারে। তবে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি বড় হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। পাশাপাশি পুরো মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।
সেপ্টেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এই সময়ে দেশে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া দেশের প্রধান নদীগুলোতে পানি স্বাভাবিক থাকার কথা থাকলেও, হঠাৎ ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু জায়গায় অল্প সময়ের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
ডিবিসি/এমএনকে