আবহাওয়া

দেশের ৩ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আভাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের তিন অঞ্চলে আজ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

 

এদিকে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহের খবরও দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন