দেশে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে আরও ৫ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের এই নতুন দাম নির্ধারণ করে রবিবার (৩১ মে) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার (১ জুন) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৯ এপ্রিল আরেক দফায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ডিবিসি/আরএসএল