দেশে যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে যেকোনো অন্যায়কারীর বিচার বা শাস্তি নিশ্চিত করতে হলে আইনি প্রক্রিয়ার কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়।
সাম্প্রতিক সময়ের ঘটনাবলির দিকে ইঙ্গিত করে তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যারা এ ধরনের কাজ করছে, তারা শুরুতেই আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কেউ কেউ। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনা যায়নি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতারিতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা একটি ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কথা বলে না। কৃষকের খাল খনন কর্মসূচি-কৃষক কার্ড নিয়ে কথা বলে না। তারা যদি অরাজক পরিস্থিতির সৃষ্টি করে তাহলে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণসহ সব ক্ষেত্রে জনগণ, বিশেষ করে গ্রামে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তারেক রহমান বলেন, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন- গত ৫ আগস্টে দেশের মানুষ যাদের এই দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে।
তিনি আরো বলেন, জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। যে স্বৈরাচার মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, খেটে খাওয়া মানুষের সব ধরনের উন্নয়ন বন্ধ করে দিয়েছিল। সেই স্বৈরাচারকে ছাত্র-জনতা এক হয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন দেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন চায়।
ডিবিসি/আরএসএল