এবার পবিত্র ঈদুল আজহার তারিখ জানতে কাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এর আগে তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে যে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের ১ তারিখ হবে। যেহেতু জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। দেশটি নিশ্চিত করেছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্যাপিত হবে, তা আজ সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
ডিবিসি/ এইচএপি