বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এই দাম আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নতুন নির্ধারিত মূল্যেই জ্বালানি তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সরকারের এই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বার্তায় জানান, বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে দামের এই সমন্বয়ের ফলে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও বেশি স্বচ্ছতা আসবে বলে তারা মনে করেন।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে, গত ৩১ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছিল।
ডিবিসি/পিআরএএন