বাংলাদেশে একটি অত্যাধুনিক ও বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপান সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই জাপানের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি ডা. শফিকুর রহমানকে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নতুন রাজনৈতিক প্রেক্ষাপটকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়- বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অপ্রতুলতা কাটাতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জাপানি কারিগরি ও আর্থিক সহায়তা, জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়ন, দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে জাপানের অব্যাহত সহযোগিতা।
আলোচনাকালে জাপানের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি আশাবাদ ব্যক্ত করেন যে, জাপান ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু হিসেবে জাপানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থায় জাপানের ভূমিকা অনস্বীকার্য। আমরা আশা করি, আগামী দিনগুলোতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বহুমুখী হবে।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাংসদ সাইফুল আলম খান মিলন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সাংসদ ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
বৈঠক শেষে উভয় পক্ষই বন্ধুত্বের নিদর্শন হিসেবে পারস্পরিক শুভেচ্ছা উপহার বিনিময় করেন।
ডিবিসি/এসএফএল