দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে জনগণকে অযথা উদ্বিগ্ন হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান যুদ্ধাবস্থার কারণে জনগণের মধ্যে যে সংশয় ও দুশ্চিন্তা তৈরি হয়েছে, সরকার সেটিকে অস্বাভাবিক হিসেবে দেখছে না। তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত থাকায় দুশ্চিন্তার কোনো কারণ নেই। ক্রেতারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ তেল সংগ্রহ করায় গত কয়েকদিনে কয়েক গুণ বেশি তেল সরবরাহ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে এই আতঙ্ক দূর করার ওপর জোর দেন তিনি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে সৃষ্ট চাপের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার তেলের দাম না বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে। তবে একান্তই বাধ্য হলে সমন্বয়ের বিষয়টি জনগণের সঙ্গে শেয়ার করা হবে জানিয়ে তিনি এক্ষেত্রে দেশবাসীর সমর্থন কামনা করেন।
ডিবিসি/আরএসএল