লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় তারা দেশে ফিরেছেন।
লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন সময়ে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় বিমানবন্দরের ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’ থেকে তাদের সার্বিক সহায়তা প্রদান করা হয়।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশে ফেরা এসব নাগরিককে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময়ের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
ডিবিসি/কেএলডি