পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশের হাজিরা। গতকাল শনিবার (৬ জুন) পর্যন্ত দেশে প্রত্যাবর্তন করেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। আজ রবিবার (৭ জুন) নয়টি ফ্লাইটে দেশে ফিরবেন আরও ৩ হাজার ৬৪৬ জন। আজকের এই ফ্লাইটের মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন।
বাকি হাজিরা নির্ধারিত ফ্লাইট শিডিউল অনুসারে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে নিজেদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনেক হাজি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পাশাপাশি সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা সরকারি ব্যবস্থাপনায় গভীর সন্তুষ্টি প্রকাশ করে অন্যান্য মানুষকেও সরকারি মাধ্যমেই হজ পালনের পরামর্শ দিয়েছেন।
এদিকে, হাজিদের চিকিৎসাসেবায় মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে শনিবার পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮ হাজার ৪৯টি। এছাড়া, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে।
ডিবিসি/টিবিএ