তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ মে) আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সকল ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অপরিহার্য।
তিনি সতর্ক করে বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও যোগ করেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে, সেই প্রত্যাশা পূরণ করা সকলের নৈতিক দায়িত্ব।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
ডিবিসি/এসএফএল