সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি চারজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়ে ঢাকায় দুই শিশু মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা ও রাজশাহীতে দুইজন এবং সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ৫৪ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছিল এবং ২৬৩ জন মারা গেছে উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১৮৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৯৭৯ জন শিশুর মধ্যে এই উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৯ হাজার ৮৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৩৬৮ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে ল্যাবে ৫ হাজার ৭২৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বর্তমানে আক্রান্ত অনেক শিশু বাংলাদেশ শিশু হাসপাতালসহ দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডিবিসি/পিআরএএন