দেশে বর্তমানে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে পাঁচ হাজারই অবৈধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ইটের শতভাগ বিকল্প এখনো তৈরি করা সম্ভব হয়নি। বিগত সরকারের সময়ে এ বিষয়ে লক্ষ্যমাত্রা থাকলেও তা পূরণ হয়নি। ইটভাটার পাশাপাশি কারখানায় ইটিপি বা এটিপি ব্যবহার না করা এবং গাড়ির কালো ধোঁয়াকে পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে দূষণের এসব উৎস নিয়ন্ত্রণ করে আগামী বছরের মধ্যে পরিবেশগত দিক থেকে একটি স্বস্তিদায়ক অবস্থা তৈরি করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত আট দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
ডিবিসি/আরএসএল