বাংলাদেশ

দেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।’ নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই আগামী দিনের সেরা চিকিৎসক, প্রকৌশলী, খেলোয়াড় ও গুণী ব্যক্তিত্ব তৈরি হবে। শিক্ষাক্ষেত্রের নানা সীমাবদ্ধতা সরকারের নজরে রয়েছে এবং তা ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়ে তরুণদের পড়াশোনা ও খেলাধুলায় সমান মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। সরকার নতুন প্রজন্মের পড়াশোনা, শিল্পচর্চা বা খেলাধুলা সব ক্ষেত্রেই সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান প্রধানমন্ত্রী।

 

সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়তে শিশুদের অঙ্গীকার চেয়ে তিনি বলেন, যেখানে-সেখানে প্লাস্টিক বা ময়লা না ফেলা, নদী-পুকুর পরিচ্ছন্ন রাখা এবং বছরে অন্তত একটি করে গাছ লাগানোর দায়িত্ব তাদের নিতে হবে। পাশাপাশি, শিশুদেরই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমের প্রতি এই ক্রীড়ানুষ্ঠানটিকে ‘লিড নিউজ’ হিসেবে প্রকাশের বিশেষ অনুরোধ জানান তিনি।

 

সমাপনী দিনে ফুটবলের ফাইনালে বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও চেক তুলে দেন। এই সাফল্যের পেছনে অবদান রাখা অভিভাবক, শিক্ষক ও কোচদেরও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন