জেলার সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। বাসের ভেতরে থাকা বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে তীব্র আশঙ্কা করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি গভীর নদীতে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রীই বাসের ভেতরে আটকা পড়ে নদীতে তলিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। চোখের সামনে এমন ভয়াবহ ঘটনার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত উদ্বিগ্ন এলাকাবাসী ঘাটে এসে জড়ো হন।

 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার তৎপরতা চালাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারকাজের প্রস্তুতি সম্পর্কে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সৌহার্দ্য পরিবহনের ওই বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ইতোমধ্যে পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল তলব করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালেই পুরোদমে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন