জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হচ্ছে এবং দ্রুতই কৃষক কার্ডের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে আয়োজিত নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম করেছে সরকার।ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হচ্ছে এবং দ্রুতই কৃষক কার্ডের কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে খাল খনন কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। নিয়মতান্ত্রিকভাবে দেশকে পরিচালনা করতে চান এবং মানুষকে নিয়মের মধ্যে আনতে চান তাঁরা। 'সবার আগে বাংলাদেশ'— এই স্লোগানকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
ডিবিসি/কেএলডি