মধ্যপ্রাচ্যে কয়েক মাসের টানা সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টারের মজুত আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীরা এখন ভাবছেন বর্তমান মজুত দিয়ে এই পাল্টাপাল্টি হামলা আর কতদিন চালিয়ে যাওয়া সম্ভব হবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সংকলিত তথ্য থেকে জানা যায়, সংঘাত শুরুর আগে আমেরিকার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টারের মজুত ছিল প্রায় ২,৩০০টি। তবে সাম্প্রতিক অব্যাহত ব্যবহারের ফলে সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে বর্তমানে ৮২৭টির নিচে নেমে এসেছে।
একই সাথে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ইউনিটের মজুতেও অনুরূপ ঘাটতি দেখা গেছে। পূর্বের ৪৫২টি থাড ইউনিট থেকে কমে বর্তমানে তা ২৭৮টিরও নিচে নেমে এসেছে, যা যুক্তরাষ্ট্রের সার্বিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
সিএসআইএস সতর্ক করে জানিয়েছে, শেষ হয়ে যাওয়া এসব জরুরি মজুত পুনরায় গড়ে তুলতে কমপক্ষে তিন বছর সময় লাগতে পারে। এতে করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো অন্য কোনো স্থানে হঠাৎ নতুন সংকট তৈরি হলে সেখানে অবস্থানরত মার্কিন সেনা ও স্থাপনা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এই সংকট কাটাতে ২০২৬ অর্থবছরের ৬৭ বিলিয়ন ডলারের জরুরি তহবিলের প্রস্তাব থেকে প্যাট্রিয়ট, টমাহক ও থাড কেনার জন্য পেন্টাগন ১৮.২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এছাড়া ২০২৭ সালের প্রাথমিক বাজেট প্রস্তাবে অর্ধেক অস্ত্রই রাখা হয়েছে ৬ লাখ ডলার বা তার চেয়ে কম মূল্যের সস্তা গোলাবারুদ।
ডিবিসি/এসডব্লিউএন