জাতীয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাদেশে আজ পরম শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই পুণ্যময় রাতে মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনায় রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে চলছে বিশেষ ইবাদত-বন্দেগি। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির ও দোয়া-মাহফিলের মাধ্যমে রাতভর মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টায় মগ্ন রয়েছেন।

পবিত্র এই উপলক্ষকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পরপরই ওয়াজ মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত ও জীবনমুখী ধর্মীয় আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ মুসল্লিদের ব্যক্তিগত নফল ইবাদত ও তওবা-ইস্তিগফারের সুবিধার্থে জাতীয় মসজিদ সারারাত উন্মুক্ত রাখা হয়েছে। আগামীকাল বুধবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে এই রজনীর বিশেষ আয়োজন।

 

পবিত্র শবে বরাতের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবং জনসাধারণের শান্তি রক্ষায় আতশবাজি ও পটকা ফোটানোসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা ও অনুরোধ জানানো হয়েছে।

 

শবে বরাত মুসলিম উম্মাহর কাছে ক্ষমা এবং আত্মশুদ্ধির এক অনন্য রাত হিসেবে স্বীকৃত। গভীর এই রজনীতে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হচ্ছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন