বাংলাদেশ, জেলার সংবাদ

ধর্ষণ মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তদন্ত ও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংগঠন থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির একটি ভাড়া বাসা থেকে নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার এক তরুণী বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ওই তরুণীর সঙ্গে নয়ন সরকার জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে জয় তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ছয় মাস ধরে বিয়ের জন্য চাপ দিলেও তিনি বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। 

 

এজাহারে আরও অভিযোগ করা হয়, জয়ের মা ওই তরুণীকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না বলে জানিয়ে দেন। মামলা দায়েরের পর জয় পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেন এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ করেন বাদী।

 

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের দপ্তর সম্পাদক তন্নি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নয়ন সরকার জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জেলা সংসদের সহ-সভাপতি সুজয় সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে বসবাস করেন এবং বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর নয়ন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন