বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোরেল।
এক মেডিকেল শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে দমদম থানার অন্তর্গত এমামি সিটি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং এনডিটিভিকে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত জুনে ওই নারী অভিষেকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, গত তিন বছর ধরে এই ক্রিকেটারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত বছর তাদের মধ্যে মতবিরোধ শুরু হলে অভিষেক দূরত্ব বজায় রাখতে শুরু করেন এবং একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসেন।
অভিযোগপত্রে অভিষেকের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা এবং গুরুতর শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর বিবরণও রয়েছে। এফআইআর-এ বলা হয়েছে, ‘অভিষেক পোরেল অভিযোগকারীকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন। তিনি তাকে খাবার না দিয়ে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখেন। এর ফলে অভিযোগকারী শারীরিকভাবে চরম দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। এমনকি একটি নির্ধারিত ফ্লাইট থাকা সত্ত্বেও, আঘাতের কারণে তাকে তাৎক্ষণিক চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।’
প্রাথমিক অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এই ক্রিকেটারকে গ্রেফতারের নির্দেশ দেন। তদন্তের বিষয়ে পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানান, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি এবং সে অনুযায়ী তদন্ত শুরু করেছি।’ তবে গ্রেফতারের আগে অভিষেক পোরেল তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন।
২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পোরেলের। এখন পর্যন্ত তিনি ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এই উইকেটকিপার-ব্যাটার। গত মৌসুমে দলের হয়ে চার ইনিংসে ১০৮ রান করেছিলেন তিনি।
সূত্র: ইএসপিএন