ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধামরাইয়ের কালামপুর–সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পুলিশ কনস্টেবল তারেক ধামরাইয়ের রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে এবং তিনি রাজধানী ঢাকায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ বাড়ি রাজাপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাটুলিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারেক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া উভয়েই সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারেক হোসাইন মল্লিক প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুদ্দুস মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/টিবিএ