আন্তর্জাতিক, এশিয়া

ধ্বংসস্তূপের মাঝেও ঐতিহ্য ও জীবিকার প্রতীক জলপাই সংগ্রহ করছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই নভেম্বর ২০২৫ ০৪:৫৩:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনে জলপাই সংগ্রহের মৌসুম কেবল একটি বার্ষিক কৃষি কার্যক্রম নয়, এটি তাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবিকার এক অবিচ্ছেদ্য প্রতীক। কিন্তু চলতি বছর, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নজিরবিহীন হামলা এবং সংঘাতের মাঝে, এই ফসল সংগ্রহ কার্যক্রম এক কঠিন সংগ্রামের রূপ নিয়েছে।

‘মাওসিম আল-জাইতুন’ বা জলপাই মৌসুম অক্টোবর মাসে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলে। এই সময়ে ফিলিস্তিনি পরিবারগুলো একত্রিত হয়। প্রতিটি বাড়িতে 'তেতা' বা দাদিরা জলপাই ব্যবহারের রেসিপি এবং ফসল সংগ্রহের গল্প শোনান।

 

ফিলিস্তিনিদের জীবনে এই ফসলের গুরুত্ব অপরিসীম। প্রায় এক লক্ষেরও বেশি পরিবার তাদের আয়ের জন্য এই জলপাইয়ের ওপর নির্ভরশীল। ২০২৩ সালের গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার প্রায় অর্ধেক চাষযোগ্য জমিতে আনুমানিক ১০ মিলিয়ন জলপাই গাছ ছিল, যা ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

 

জলপাইয়ের প্রায় ৯০ শতাংশই তেল নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়, যা ফিলিস্তিনিদের খাবারের টেবিলের প্রধান উপাদান। এছাড়া টেবিল অলিভ, বিখ্যাত নাবলুসি সাবান এবং জলপাই কাঠের হস্তশিল্প তৈরিতেও এর ব্যবহার হয়।

 

কিন্তু ঐতিহ্যগতভাবে উৎসবমুখর এই মৌসুমটি এবার ধ্বংসাত্মক হামলার মুখে পড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারীর কার্যালয় এর তথ্যমতে, এই মৌসুম শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালিয়েছে।

 

এইসব হামলায় ফসল সংগ্রহের কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়াসহ প্রায় ১১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ৪,০০০-এরও বেশি জলপাই গাছ ও চারা ভাঙচুর বা উপড়ে ফেলা হয়েছে, যা ফিলিস্তিনি কৃষকদের জীবিকার ওপর সরাসরি আঘাত।

 

এই ধ্বংসাত্মক পরিবেশ নতুন নয়। ২০১২ সালের এক গবেষণায় দেখা যায়, ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে প্রায় ৮ লক্ষ ফিলিস্তিনি জলপাই গাছ উপড়ে ফেলেছে।

 

এছাড়াও, পশ্চিম তীরের বহু কৃষককে অবৈধ ইসরায়েলি বসতির কাছাকাছি অবস্থিত তাদের নিজস্ব জমিতে প্রবেশের জন্য ইসরায়েলি পারমিটের প্রয়োজন হয়। বছরে মাত্র কয়েক দিনের জন্য এই অনুমতি মেলায় গাছগুলোর সঠিক পরিচর্যা বা সময়মতো ফসল সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

 

এতসব বাধা, হামলা এবং ধ্বংসযজ্ঞের মাঝেও ফিলিস্তিনি কৃষকরা তাদের ঐতিহ্য ও জীবিকার উৎসকে আঁকড়ে ধরে জলপাই সংগ্রহ অব্যাহত রেখেছেন। এটি তাদের কাছে কেবল একটি ফসল নয়, বরং নিজ ভূমিতে টিকে থাকার লড়াই এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন