জেলার সংবাদ

নওগাঁয় চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই ৬ গরু তোলা হচ্ছে নিলামে

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫টি চোরাই গরু এবং থানায় জন্ম নেওয়া একটি বাছুরসহ মোট ৬টি গরু প্রকাশ্যে নিলামে বিক্রির আদেশ দিয়েছেন আদালত। প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় আগামী রবিবার বিকেল ৩টায় রাণীনগর থানা প্রাঙ্গণে শর্তসাপেক্ষে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-১-এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

পুলিশ সূত্র জানায়, গত জুলাই মাসে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ১৪ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাণীনগর থানা পুলিশ অভিযান চালায়। র‍্যাবের সহযোগিতায় নাটোরের নলডাঙ্গা থেকে আসলাম নামের এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের অসিতের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর প্রকৃত মালিক না পাওয়ায় আদালতের নির্দেশে গরুগুলোকে রাণীনগর থানা প্রাঙ্গণেই রাখা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে চুক্তিভিত্তিক একজন কর্মীর মাধ্যমে গরুগুলোর দেখভাল করা হচ্ছিল। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে নিয়মিত সেগুলোর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। এর মধ্যেই একটি গর্ভবতী গরু একটি এঁড়ে বাছুরের জন্ম দেয়, যা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

 

রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বাছুরসহ সবকটি গরু বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আগামী রবিবার থানা প্রাঙ্গণে শর্তসাপেক্ষে উন্মুক্ত নিলামের আয়োজন করা হবে, যেখানে যেকোনো আগ্রহী ব্যক্তি অংশ নিতে পারবেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন