নওগাঁয় জুনায়েদ (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালের প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরে একটি পিকআপ ভ্যানে করে দুই ব্যক্তি মরদেহটি নিয়ে আসে। তারা জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি দ্রুত ট্রলির ওপর ফেলে রেখেই পালিয়ে যায়। এসময় পেছন থেকে তাদের ডাকাডাকি করা হলেও তারা আর থামেনি। পরে ট্রলিতে করে ভেতরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনায়েদের পরিচয় নিশ্চিত করে নওগাঁ কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রাজস্ব কমিশনার রাশেদ জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবা মনজুরুল হক। জুনায়েদের স্ত্রী নওগাঁর একটি কলেজের শিক্ষিকা। জানা গেছে, বুধবার সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার স্টেশনে নামেন। এরপর ঠিক কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খোরশেদ আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঠিক কোন পরিস্থিতিতে এবং কীভাবে তার মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিবিসি/পিআরএএন