বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আটক ৮

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬ ০৫:২৪:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ২টার মধ্যে পৃথক অভিযানে নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৬৫) ও ভাগ্নে সবুজ হোসেনসহ (২৫) মোট আটজনকে আটক করা হয়।

নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে ও গরু ব্যবসায়ী হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী পপি সুলতানা (২৫), সাত বছরের ছেলে পারভেজ এবং তিন বছরের শিশু কন্যা সাদিয়া আক্তার।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের নৃশংস ভাবে জবাই করে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

 

জানা গেছে, পেশায় গরু ব্যবসায়ী হাবিবুর রহমান সোমবার রাতে গরু বিক্রি করে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। তবে পুলিশ জানায়, ওই টাকা কিংবা বাড়ির মূল্যবান কোনো সম্পদ খোয়া যায়নি। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ভাষ্যমতে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

নিহত হাবিবুরের বাবা আটক নমির উদ্দিন আটকের আগে গণমাধ্যমকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এই ঘটনায় জড়িত থাকতে পারে। তারা ইতিপূর্বে বিভিন্ন সময়ে হাবিবুরসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা ও ভাগ্নেসহ আটজনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন