নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে সান্তাহার-নাটোর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় ডাকাত চক্রটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ডাকাতি ও দস্যুতা চালিয়ে আসছিল।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জেলা পুলিশ সুপার আরও উল্লেখ করেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/টিবিএ