বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁয় নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর রিয়াল (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকার তানজিদা অটো চালকলের আগুনযুক্ত ছাই ও গরম পানির পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত রিয়াল উপজেলার কুঞ্জবন গ্রামের মো. বাচ্চার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে রিয়াল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যায় স্থানীয়রা চালকল সংলগ্ন গরম পানির পুকুরের পাড়ে রিয়ালের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই পুকুর থেকে রিয়ালের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাশেম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন