নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান রসপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলামের ছোট ছেলে। আর তাহমিদ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি জলাধারে কয়েকজন এলাকাবাসী মাছ শিকার করছিলেন। এ সময় শিশু দুটিকে জলাধারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুদের আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে মাছ ধরার জাল টেনে তুলতেই পানির নিচ থেকে শিশু দুটির নিথর দেহ ভেসে ওঠে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার (ইউডি) প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন