জেলার সংবাদ

নওগাঁয় মোবাইলে কথা বলতে গিয়ে অফিসে আসতে দেরি খাদ্য কর্মকর্তার!

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মার্চ ২০২৬ ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিনের বিরুদ্ধে নিয়মিত অফিসে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৪২ মিনিটে তাকে নিজ দপ্তরে প্রবেশ করতে দেখা যায়।

সরকারের ২০২৬ সালের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের অবশ্যই সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে। বাইরে কোনো দাপ্তরিক কাজ, পরিদর্শন বা মিটিং থাকলেও অন্তত সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত তাদের অফিসে অবস্থান করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দাপ্তরিক কাজে বাইরে যাওয়ার বিধান রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই কর্মকর্তা দীর্ঘকাল ধরেই সময়মতো অফিসে আসেন না। মঙ্গলবারের দেরির কারণ জানতে চাইলে তিনি পরস্পরবিরোধী বক্তব্য দেন। প্রথমে তিনি দাবি করেন, জেলা কার্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার কারণে তার দেরি হয়েছে। পরে আবার দাবি করেন, কয়েকটি ওএমএস (OMS) দোকান পরিদর্শন শেষে অফিসে আসতে তার এই বিলম্ব। তবে স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই সময়ে তিনি কোনো ওএমএস দোকান বা খাদ্য গুদামে যাননি। সংশ্লিষ্ট সূত্রগুলো তার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

 

এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ঠিকই, তবে ফোনে কথা বলার কারণে অফিসে দেরিতে আসা কোনোভাবেই যৌক্তিক নয়।’ তিনি আরও জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সব কর্মকর্তাকে সময়মতো উপস্থিত থেকে দায়িত্ব পালনের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হবে।

 

সরকারি দপ্তরের কর্মকর্তাদের এমন অনিয়মের কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন