নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র দত্তের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা সোনা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এটি কেবল ছিনতাই নাকি এর পেছনে পূর্বশত্রুতা রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/এসভিএন