কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।
ভারতের রামপুরহাটে একটা শো করার কথা থাকলেও তা বাতিল করার পর থেকেই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এতেই চটেছে নচিকেতার পরিবার।
বাবা কেমন আছেন এ নিয়ে মুখ খোলেন মেয়ে ধানসিঁড়ি। তিনি নিজেও একজন গায়িকা।
নচিকেতার প্রসঙ্গে বলতে গিয়ে ধানসিঁড়ি জানান, ‘বাবা সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। আর এই সমস্যাটা অনেকদিনের। শীতে যা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তাই সেই দিনটা অনুষ্ঠান করেনি। এই তো বুধবারই আবার গিয়েছে হলদিয়ায়।’
সঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা মোটেই কোনও গুরুতর শারীরিক সমস্যা নয়। একটা শো না করার কারণে মিথ্যা খবর রটানো হচ্ছে। খারাপ লাগে। আজকাল সোশ্যাল মিডিয়ার চক্করে এসব ভুয়া খবর বেশি রটে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। আমাদের পরিবার এসবে খুবই অস্বস্তিতে পড়েছে।’
৪০ সেকেন্ডের এক ভিডিওতে নচিকেতা বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি।’
তিনি আরও বলেন,‘আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের।