বাংলাদেশ, জেলার সংবাদ

ঈদের দিন নড়াইলে ঘুরতে এসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল-ঢাকা মহাসড়কের মধুমতি সেতুতে ঘুরতে এসে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় সাব্বির গাজী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সৈকত হোসেন গাজী (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মহাসড়কের নড়াইলের লোহাগড়া উপজেলার আলমুন্সির মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির যশোরের অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে এবং আহত সৈকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে। গুরুতর আহত সৈকতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন সাব্বির ও সৈকত দুই বন্ধু মিলে তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল-ঢাকা মহাসড়কে অবস্থিত দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতুতে ঘুরতে এসেছিলেন। সেতুটি পরিদর্শন শেষে বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহত সাব্বির গাজীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন