নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
নিহত আলিনুরের ভাই আমিনুর ফকির জানান, গত রোজার সময় আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নেন প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ। দীর্ঘ প্রায় পাঁচ মাস ঘুরিয়ে শনিবার রাতে সেই পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজিব শেখ ও তার পরিবারের লোকজন দুই ভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে রাজিব শেখ ও তার লোকজন। কিছু বুঝে ওঠার আগেই তারা আলিনুরের পেটে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বপরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ভাই আমিনুর ফকির।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল