নড়াইলের লোহাগড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে জেসমিন খানম (৩২) নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যা করেছেন তার স্বামী জসিম শেখ।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর স্বামী জসিম নিজেই লোহাগড়া থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম পেশায় একজন রাজমিস্ত্রি। স্ত্রী জেসমিন পরকীয়ায় লিপ্ত- এমন সন্দেহে রবিবার দুপুরে জসিম তাকে হাতুড়িপেটা করেন। এতে জেসমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত জেসমিন করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং জসিম একই গ্রামের মমরেজ শেখের ছেলে। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হিসাম উদ্দিন ও এলাকাবাসী জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে জেসমিনের পরকীয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত জসিম থানায় আত্মসমর্পণ করেছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল