বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়েছে ভারতের বিমান বাহিনী!

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৭:৩৯:৪৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিলিটারি ওয়াচ ম্যাগাজিন-এর দেওয়া তথ্যমতে, ভারতের বিমান বাহিনী সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে চতুর্থ পর্যায়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের নতুন একটি রেজিমেন্ট গ্রহণ করেছে। আর চলতি ২০২৬ সালের শেষের দিকে এই ডেডিকেটেড ডিফেন্স সিস্টেমের পঞ্চম ও সর্বশেষ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পেতে পারে ভারতের বিমান বাহিনী।

মূলত গত ২০১৮ সালের অক্টোবর মাসে ভারত ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় মোট পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম রেজিমেন্ট ক্রয়ের চূড়ান্ত চুক্তি করে। যার মধ্যে তিনটি সিস্টেম চুক্তি মোতাবেক আগেই সরবরাহ করে রাশিয়া। আর খুব সম্ভবত চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের শেষের দিকে চতুর্থ ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে এবং বাকি একটি রেজিমেন্ট চলতি বছরের মধ্যেই সরবরাহ করবে রাশিয়া।

 

গত মার্চ মাসে ভারতের প্রতিরক্ষা দপ্তর নতুন করে রাশিয়ার কাছ থেকে প্রায় ৬.১ বিলিয়ন ডলার ব্যয়ে অতিরিক্ত ৫টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (রেজিমেন্ট) ক্রয়ের প্রাথমিক অনুমোদন দিয়েছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

এছাড়া, ভারতের প্রতিরক্ষা দপ্তর চলতি ২০২৬ সালের শুরুতে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের শর্ট ও লং রেঞ্জের মোট ২৮৮টি ইন্টারসেপ্টর মিসাইল ক্রয়ের অনুমোদন দেয়। এর আনুমানিক মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার, যার আওতায় পরিকল্পনামাফিক প্রাথমিকভাবে ১২০টি শর্ট রেঞ্জ এবং ১৬৮টি লং রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল সংগ্রহ করা হতে পারে।

 

রাশিয়ার তৈরি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম হলো বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী মোবাইল সারফেস-টু-এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি মূলত শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

 

এটি রাশিয়ার আলমাজ-আন্তেই ডিজাইন করেছে এবং ফাকেল মেশিন-বিল্ডিং ডিজাইন ব্যুরো এটি উৎপাদন করে। আসলে এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতিটি রেজিমেন্টে থাকে দুটি ব্যাটালিয়ন, আর প্রতিটি ব্যাটালিয়নে থাকে আটটি ক্ষেপণাস্ত্র লঞ্চার, রাডার, কমান্ড সেন্টার ও রিলোডিং যান। সেই হিসেবে ভারত আগামী ২০৩০ সালের মধ্যে মোট ২০টি এস-৪০০ ব্যাটালিয়ন সিস্টেম অপারেট করবে।

 

এই সিস্টেম আকাশপথে একযোগে ৩৬টি লক্ষ্য শনাক্ত করতে পারে এবং প্রতিটি টার্গেটে ২টি করে সর্বোচ্চ ৭২টি ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে সক্ষম। বর্তমানে রাশিয়ার পাশাপাশি ভারত, চীন এবং তুরস্ক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে। ভারত এই ডিফেন্স সিস্টেমের নিজস্ব নাম দিয়েছে ‘সুদর্শন চক্র’।

 

তবে, গত ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে মাত্র তিন দিনের উচ্চমাত্রার যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারের মতো রাশিয়ার বাইরে এই সিস্টেমের কার্যকর ব্যবহার লক্ষ করা যায়। বিশেষ করে পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কিছু হাতেহ-১/২ উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল আকাশেই কার্যকরভাবে ইন্টারসেপ্ট করার দাবি করে ভারত।  


লেখক: সিরাজুর রহমান 

শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন