ম্যাচে সময় অপচয় কমাতে চালু করা নতুন নিয়মে প্রথমবারের মতো শাস্তির মুখে পড়েছেন নেইমার জুনিয়র। তবে এই শাস্তির পেছনে তার নিজের কোনো ভুল ছিল না। নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে সান্তোস অধিনায়ককে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরুর পর সংশ্লিষ্ট দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড় বাইরে যাবেন, সেটি ঠিক করবেন দলের কোচ।
সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচকে দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম জানাতে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। আর সেই নিয়মেই এবার বাইরে যেতে হয়েছে নেইমারকে।
ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হয়েছে। মূল লক্ষ্য ম্যাচে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমানো। পরীক্ষামূলক প্রয়োগের ফল পর্যালোচনার পর ভবিষ্যতে নিয়মটি স্থায়ী করা হতে পারে।
ব্রাজিলের সিরি আ-তে নিজেদের সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পায় সান্তোস। ম্যাচের একপর্যায়ে সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিতে হয়।
খেলা পুনরায় শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, সেটি ঠিক করতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি কুচা নামে পরিচিত। ফলে নিয়ম অনুযায়ী অধিনায়ক নেইমারকেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়।
এভাবেই নতুন নিয়মের প্রথম আলোচিত শাস্তির ঘটনাটির সঙ্গে জড়িয়ে গেল নেইমারের নাম।
ডিবিসি/ আরএফই