বাংলাদেশ, জাতীয়

নতুন ভিসানীতি করছে সরকার, অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে বিদেশিদের আগমন-প্রস্থান সহজ করা এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের প্রচলিত ভিসানীতি সংশোধন করে 'ভিসানীতি-২০২৬' নামের এই নতুন নীতিমালার খসড়া বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

খসড়াটি চূড়ান্ত পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।


বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি বিস্তারিত জানানো হয়।


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালার প্রধান উদ্দেশ্যগুলো হলো: দেশে বিদেশি বিনিয়োগ, ব্যবসা এবং দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে আরও উৎসাহিত করা, আন্তর্জাতিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিশ্চিত করা, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা গড়ে তোলা।


অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই বিশেষ মন্ত্রিসভা কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি চূড়ান্ত পরিমার্জন শেষে এটি অনুমোদনের জন্য পুনরায় মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন