সৌদি আরব তাদের কঠোর বিধিনিষেধ আরও শিথিল করার অংশ হিসেবে নতুন দুটি মদের দোকান খোলার পরিকল্পনা করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এই দোকানগুলোর একটি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য ধাহরানে এবং অন্যটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ধাহরানের দোকানটি আরামকোর নিজস্ব কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং জেদ্দায় কূটনীতিকদের সুবিধার্থে তৃতীয় একটি আউটলেট খোলার প্রক্রিয়া চলছে। দোকানগুলো ২০২৬ সালে চালু হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে রক্ষণশীল দেশটিকে উন্মুক্ত করার প্রচেষ্টার এটি একটি নতুন ধাপ। এর আগে গত বছর রিয়াদে ৭৩ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়েছিল।
সম্প্রতি রিয়াদের সেই দোকানের গ্রাহক তালিকায় 'সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি' বা বিশেষ আবাসন সুবিধাপ্রাপ্ত অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে দেশটিতে অ্যালকোহল মূলত কূটনৈতিক মেইল বা কালো বাজারের মাধ্যমেই পাওয়া যেত।
নতুন এই পরিকল্পনার বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস বা আরামকো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে, পর্যটকদের জন্য মদের বিধিনিষেধ শিথিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যটকদের চাহিদার বিষয়টি তারা অনুধাবন করেন, তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিয়মে কোনো পরিবর্তন আসেনি।
ডিবিসি/এনএসএফ